অক্টোবর ৩১, ২০২৬, ১০:২২ পিএম
কমলনগরে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পেয়ে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর বাজার এলাকায় নিজ বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ভূমিকা রানী দাস (১৮)। তিনি স্থানীয় হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এ বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভূমিকা জানতে পারেন তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে কৃতকার্য হতে পারেননি।
ফলাফল জানার পরই চরম মানসিক হতাশায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজের বসতঘরে আত্মঘাতী হন ভূমিকা। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার নিথর দেহ উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ভূমিকা হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার সংলগ্ন শশী ভক্তের বাড়ির বাসিন্দা রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাস দম্পতির সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন