রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

শেখ হাসিনাকে ফেরাতে শপথ, যুবলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৫:৫০ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে শপথ, যুবলীগ নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরে দলীয় নেতা-কর্মীদের শপথ গ্রহণের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কমলনগর থানায় এই মামলাটি করা হয়। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে। এর আগে গত রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কালকিনি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মোমবাতি জ্বালিয়ে শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেন।

সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শপথের একটি ভিডিও প্রচার করেন। 

২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে নেতা-কর্মীদের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার আন্দোলনে নিয়োজিত থাকার শপথ নিতে দেখা যায়। শপথে তারা বঙ্গবন্ধুর কন্যার প্রত্যাবর্তনের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং বিভিন্ন দলীয় স্লোগান দেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম জানিয়েছেন, শপথ গ্রহণের ভিডিওটি পুলিশের নজরে আসার পর এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেবেন বলে জানান। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।