নভেম্বর ৪, ২০২৬, ১২:৫৯ পিএম
গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে একটি সমন্বিত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী ফায়ার সার্ভিস প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, স্থানীয় বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, মাহবুব রহমান, আলী আহমেদ টুক্কু, শাহিন আলম, ফারুক আহমেদ এবং সানজিত আহমেদ মিথুন। তাদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সংসদ সদস্য হাসান উদ্দীন সরকার বলেন, আওয়ামী রাজনৈতিক অপশক্তি যেন পোশাকশ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশে গিয়ে কোনো ধরনের জানমালের ক্ষতি কিংবা অনাকাঙ্ক্ষিত নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখতে হবে।
একই সাথে যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও তাগিদ দেন দলটির এই কেন্দ্রীয় নেতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন