মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
শ্রমিক আন্দোলন ও রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ০৫:০৫ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

পোশাক শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধি আন্দোলন, শিল্পকারখানা রক্ষা এবং মালিক-শ্রমিক উভয় পক্ষের প্রতি সুনির্দিষ্ট আহ্বান জানাতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির সমর্থিত শ্রমিক সংগঠন ‍‍`জাতীয় শ্রমিক শক্তি‍‍`।

সংগঠনটির সদস্য সচিব রিয়াজ মোর্শেদের সই করা এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।

রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চল বিশেষ করে মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে তৈরি হওয়া ধারাবাহিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই সংবাদ সম্মেলন ডাকা হলো।

মঙ্গলবার সকালেও মিরপুর ১১ ও ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী মূল সড়কে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

এদিকে আন্দোলনের সুযোগে সম্ভাব্য নাশকতা ও ভাঙচুর প্রতিরোধের কারণ দেখিয়ে মিরপুর ১১ নম্বর এলাকায় রাজপথে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শিল্পাঞ্চল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।