মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
শ্রমিক বিক্ষোভ ও রাজনীতি

মিরপুরে শ্রমিকদের আন্দোলন দমনে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

মিরপুরে শ্রমিকদের আন্দোলন দমনে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন দমনে স্ট্যাম্প ও লাঠিসোঁটা হাতে রাজপথে শোডাউন করেছেন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) টানা চতুর্থ দিনের মতো ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি দিয়ে রাজপথে অবস্থান নেন পোশাক শ্রমিকেরা।

সকালে মিরপুর ১১ নম্বর এলাকায় আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাত ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এই সংঘাতের প্রেক্ষাপটে আন্দোলনকারীদের প্রতিহত করতে মাঠে নামেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে আন্দোলনবিরোধী একটি মিছিল বের করেন যুবদল ও ছাত্রদলের কর্মীরা।

পরবর্তীতে দুপুর ১টা ১৬ মিনিটের দিকে মিরপুর ১১ নম্বর সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মীকে কাঠের স্ট্যাম্প হাতে বিক্ষোভবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা এই বিক্ষোভকে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের আট মাসের মাথায় সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বিগত কয়েক দিন ধরে চলা এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শ্রমিকদের তীব্র সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুধু মিরপুর এলাকায় টানা তিন দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা হিসেবে কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।