মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
সংসদীয় শপথ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

জাতীয় ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ০৩:১৭ পিএম

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই দুই জনপ্রতিনিধির শপথ গ্রহণকালে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদের শীর্ষ নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ছাড়া সংসদের অন্যান্য হুইপও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার। শপথগ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের ত্রয়োদশ জাতীয় সংসদে আনুষ্ঠানিক দায়িত্ব পালনের কার্যক্রম শুরু হলো।