নভেম্বর ৩, ২০২৬, ১২:৫৮ পিএম
নাশকতার চেষ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা স্পষ্ট করে জানান, যেকোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা সরকার কঠোর হাতে প্রতিহত করবে।
পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের আড়ালে সহিংসতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, মাঠপর্যায়ে কিছু মানুষের মধ্যে যে ধ্বংসাত্মক আচরণ দেখা গেছে, তা কোনোভাবেই প্রকৃত সাধারণ পোশাকশ্রমিকদের কাজ হতে পারে না। গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এসব ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের ওপারের সম্পৃক্ততার কথা তুলে ধরেছেন।
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক সাংগঠনিক সক্ষমতা না থাকলেও তাদের হাতে পুঞ্জীভূত বিপুল অর্থসম্পদ ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।
তিনি উল্লেখ করেন, এই সংকট কোনো নির্দিষ্ট মাস বা কেবল ডিসেম্বরকেন্দ্রিক নয়।
ডা. জাহেদ উর রহমান বলেন, "এটা ডিসেম্বর না। এটা পুরো সময়, যতদিন উনি বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি এবং আমরা এটাকে প্রতিহত করব।"
নিজের বক্তব্যের সপক্ষে ১৯৯১ সালের সাধারণ নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দেন তিনি।
উপদেষ্টা জানান, ১৯৯১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে সরকারকে এক দিনও শান্তিতে থাকতে দেওয়া হবে না। সেই পুরোনো রাজনৈতিক প্রতিশোধপরায়ণ মানসিকতার প্রতিফলন এখনো চলমান থাকতে পারে।
শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়ে নিজের পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্যের ব্যাখ্যাও তুলে ধরেন উপদেষ্টা।
তিনি জানান, ডিসেম্বর মাস অতিক্রান্ত হওয়ার পর বিষয়টি নিয়ে তিনি পুনরায় কথা বলবেন। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন এবং উপদেষ্টার আগের বিশ্লেষণ ভুল প্রমাণিত হয়, তবে তিনি প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করবেন।
জাহেদ উর রহমান বলেন, "উনি যদি এসে হাজির হন, তারপর একটা মঙ্গলবার নিশ্চয়ই আসবে। সেই মঙ্গলবার আমি আশা করি, যদি বেঁচে থাকি এবং আমি যদি এই দায়িত্বে থাকি, আমি আসব। সেদিন আমি দুঃখ প্রকাশ করব, আমার ব্যাখ্যা ভুল ছিল।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন