নভেম্বর ৩, ২০২৬, ১২:৩৩ পিএম
সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় সর্বোচ্চ লাল সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার বিস্তার ঘটলে এই সতর্কতা ঘোষণা করা হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) দক্ষিণ অংশের সড়কগুলোতে দৃশ্যমানতা আশঙ্কাজনক পর্যায়ে নেমে আসার পর রেড অ্যালার্টের পাশাপাশি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকার জন্য ইয়েলো অ্যালার্টও জারি করেছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটির আবুধাবি পুলিশ মোটরযান চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।
মহাসড়কে স্থাপিত ডিজিটাল বা ইলেকট্রনিক সাইনবোর্ডে কুয়াশা চলাকালীন পরিবর্তিত যে নিয়ন্ত্রিত গতিসীমা দেখানো হচ্ছে, তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারা দিন আকাশ সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাতের বেলা থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় অঞ্চল ও দেশের অভ্যন্তরীণ সমতল অংশে আর্দ্রতার পরিমাণ ব্যাপক বাড়বে। এর প্রভাবে ভোরে ঘন বা মাঝারি ধরনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
দেশজুড়ে দিনের তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করার আভাস দেওয়া হয়েছে।
শহরভিত্তিক হিসাবে আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দুবাইয়ে সর্বনিম্ন পারদ ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় তা নেমে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বাতাসের গতিপ্রকৃতি সম্পর্কে আবহাওয়া বার্তায় বলা হয়েছে, শুরুতে দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা ও মাঝারি বাতাস বয়ে যেতে পারে।
পরবর্তীতে দিক পরিবর্তন করে এটি উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসে স্বাভাবিক গতি থাকবে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার, তবে দমকা হাওয়ার ক্ষেত্রে এই বেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর পাশাপাশি আরব উপসাগর ও ওমান সাগরের পানি হালকা থেকে মাঝারি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন