মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ১২:২১ পিএম

গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান।

শিল্পাঞ্চলটিতে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও এর আশপাশের অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে ছুটি ঘোষণার পরও পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস ও ডিভাইন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার কথা বলে মহাসড়কে পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

চলমান শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় আইনি পদক্ষেপও শুরু হয়েছে।

শিল্প পুলিশের সূত্র জানিয়েছে, শিল্পাঞ্চলের সংঘাত ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় শনাক্তের পাশাপাশি নাশকতার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছেন।