সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের করুণ মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ০৯:৩৩ পিএম

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের করুণ মৃত্যু

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ভয়াবহ ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর ভাঙ্গা গোলচত্বর থেকে খুলনাগামী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষটি ঘটেছিল মহাসড়কের একই লেনে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি মোটরসাইকেল মহাসড়কের একই লেনে চলে আসায় মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নিহত ব্যক্তিরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার মো. দুলালের ছেলে এজাজুল (২০) এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াখুলী গ্রামের শাহাদত সরকারের ছেলে স্বাধীন (২০)।

আহত ব্যক্তিরা হলেন নগরকান্দার জিয়াখুলী এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা এলাকার শওকত হোসেনের ছেলে রাজন (২১)। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।