মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
ক্রিকেটে ঐতিহাসিক মাইলফলক

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলংকা ও ইংল্যান্ডকে টপকে ছয়ে আফগানিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ১০:৪৭ পিএম

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলংকা ও ইংল্যান্ডকে টপকে ছয়ে আফগানিস্তান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ে আইসিসি দলীয় র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।

সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রকাশিত হালনাগাদ তালিকায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে পেছনে ফেলে এই স্মরণীয় অর্জন নিজেদের করে নিয়েছে রশিদ খানের দল। এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আফগানদের সর্বোচ্চ দলীয় অবস্থান। শুধু তা-ই নয়, ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে সেরা বৈশ্বিক অবস্থান। এর আগে টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম এবং টেস্টে নবম।

মাঠের পারফরম্যান্সে একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান।

সর্বশেষ প্রকাশিত দলীয় তালিকায় আফগানিস্তান ও শ্রীলংকা উভয়ের রেটিং পয়েন্ট সমান ৯৪ হলেও ভগ্নাংশের সূক্ষ্ম ব্যবধানে লঙ্কানদের টপকে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে আফগানরা। এর ফলে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা নেমে গেছে সপ্তম স্থানে, ইংল্যান্ড অবস্থান করছে অষ্টম স্থানে এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে দশম স্থানে। অন্যদিকে বাংলাদেশ দলের অবস্থান তালিকার নবম স্থানে।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের অভিষেক ঘটেছিল ২০০৯ সালে। অভিষেকের পর থেকে ধাপে ধাপে নিজেদের ক্রিকেট শক্তিকে সুসংহত করেছে যুদ্ধবিধ্বস্ত এই দেশটি। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার মাত্র ১৭ বছরের মধ্যে তারা নিজেদের অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে বৈশ্বিক আসরে শক্ত বার্তা দিয়েছিল তারা। এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে দলটি।

সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলে ৯৬টিতে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। দলটির জয়-পরাজয়ের অনুপাত দাঁড়িয়েছে ১ দশমিক ০৯।

সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও অপ্রতিরোধ্য ফর্মে ছিল আফগানরা। আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত চার ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

শুধু ওয়ানডে সংস্করণেই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে রশিদ খানের দল। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আফগান ক্রিকেটাররা।

আইসিসির হালনাগাদ ওয়ানডে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার অবস্থান পঞ্চম।