নভেম্বর ১, ২০২৬, ০৪:০০ পিএম
হংকং সিক্সার্স টুর্নামেন্টের ১১তম স্থান নির্ধারণী ম্যাচে ভারতের কাছে শেষ বলের নাটকীয়তায় ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। মং ককের মিশন রোড গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে পাঁচ উইকেটে ১১৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে শেষ ওভারের শেষ বলে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভারতীয় দল।
শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রান।
বোলিংয়ের সেই রোমাঞ্চকর মুহূর্তে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত এবং শেষ বলে দুই রান নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। এর ফলে টুর্নামেন্টে ১২তম স্থানে অবস্থান নিয়ে মিশন শেষ করল টাইগাররা।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগ্রাসী রূপ দেখান বাংলাদেশের দুই ওপেনার সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। প্রথম ওভারেই তারা স্কোরবোর্ডে জমা করেন ২৪ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্রুনাল পান্ডিয়াকে সীমানার ওপারে আছড়ে ফেলেন সাব্বির। তবে ঠিক পরের বলেই নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারে কট অ্যান্ড বোল্ড হয়ে বিদায় নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে হাবিবুর করেন ৬ বলে ১৮ রান।
দ্রুত তিন উইকেট হারিয়ে ৪১ রানে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলেন আবু হায়দার রনি।
ভারতের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ১৬ বলে অর্ধশতক পূর্ণ করেন রনি। শেষ পর্যন্ত ১৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি, যেখানে ছিল ৮টি ছক্কা ও ৩টি চারের মার। অন্য প্রান্তে চৌধুরী মিজান ৫ বলে করেন ১২ রান। তাদের ব্যাটে ভর করে ভারতকে ১১৭ রানের লক্ষ্য দেয় দল। ভারতের হয়ে ক্রুনাল পান্ডিয়া ২ ওভারে ২৫ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। তিন ওভারে ৫৬ রান তোলেন দুই ওপেনার রাহুল ত্রিপাঠি ও শশাঙ্ক সিং। ৩২ রান করা ত্রিপাঠিকে ফেরান আহার আমিন। অন্যদিকে ১৫ বলে ৫০ রান তুলে টুর্নামেন্টের নিয়মানুযায়ী বাধ্যতামূলকভাবে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন শশাঙ্ক।
এরপর বাকি কাজ সারেন নীতিশ রানা ও রাহুল তেওয়াতিয়া। রানা ৪ বলে ১০ এবং তেওয়াতিয়া ৫ বলে ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বল হাতে বাংলাদেশের আহার আমিন ১ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট লাভ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন