রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
পিএসসির নতুন সদস্য

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

জাতীয় ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৫:০০ পিএম

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার (১ নভেম্বর) বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক এই শপথগ্রহণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্যান্য সদস্য, সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক শামীমা সুলতানাকে সাংবিধানিক এই সংস্থার সদস্য পদে নিয়োগ দেওয়া হয়।

সম্প্রতি কমিশনের শীর্ষ পর্যায়ে কিছু রদবদল ঘটে।

গত ১৫ অক্টোবর সাবেক সচিব মো. মহিউদ্দিন এবং ১৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। পরে রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

দুই সদস্যের পদত্যাগের পর ২০ সদস্যের এই সংস্থায় সদস্য সংখ্যা ১৮ জনে নেমে এসেছিল। নতুন সদস্য হিসেবে অধ্যাপক শামীমা সুলতানা শপথ নেওয়ায় বর্তমানে কমিশনে সদস্য সংখ্যা বেড়ে ১৯ জনে উন্নীত হলো।

এর আগে গত আগস্টে প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেন। পরবর্তীতে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।