বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে অভিনেতা শিবা শানু

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ০৪:৪৭ পিএম

শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে অভিনেতা শিবা শানু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী মাজহার আলী, যিনি দেশের চলচ্চিত্র অঙ্গনে অভিনেতা শিবা শানু নামেই সমধিক পরিচিত। সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তিনি এই পদে বহাল থাকবেন। এতে আরও উল্লেখ করা হয়েছে, এই দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে তাকে অন্য সব ধরনের পেশা, ব্যক্তিগত ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে বিদ্যমান সব কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছিলেন আশফাকুল খানম। দেশের অসচ্ছল, অসুস্থ ও পেশাদার শিল্পীদের কল্যাণ এবং আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে এই ট্রাস্ট কাজ করে থাকে।

নতুন এই সরকারি দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে শিবা শানু জানান, সাংবাদিকদের মাধ্যমেই তিনি প্রথমে নিয়োগের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, এর বেশি কিছু তার জানা নেই। আনুষ্ঠানিক নিয়োগপত্র হাতে পাওয়ার পর তিনি এ বিষয়ে পূর্ণাঙ্গ মন্তব্য করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন শিবা শানু। রূপালি পর্দায় প্রায় তিন দশকের দীর্ঘ অভিনয়জীবনে তিনি চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‍‍`মাতৃভূমি‍‍` সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় তার অভিষেক ঘটে। পরবর্তীকালে বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা ও তারকাখ্যাতি অর্জন করেন।