বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
আন্তর্জাতিক নগর অংশীদারত্ব

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের বৈঠক

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ০৫:৫৬ পিএম

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের বৈঠক

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে এক আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় মতবিনিময় সভায় অংশ নিয়েছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠককালে রাজশাহী নগরীর নান্দনিক পরিবেশ, পরিচ্ছন্নতা এবং সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র।

সাক্ষাতে দুই শহরের শীর্ষ প্রতিনিধিরা শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক কল্যাণ, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক নগর উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই যৌথ উদ্যোগের মধ্য দিয়ে দুই শহরের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে যৌথভাবে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় আন্তর্জাতিক প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের জ্যেষ্ঠ উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও আলোকচিত্র বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা ও এশিয়া অঞ্চলের কর্মসূচি ব্যবস্থাপক ক্রিস্টিয়ান নিউম্যান এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়া রাজশাহী ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমানও উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং পরিকল্পনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আরজু।