অক্টোবর ২৯, ২০২৬, ০৪:০৮ পিএম
বিগত ১৭ বছরে চরম বিপর্যয়ের মুখে পড়া স্বাস্থ্য খাতকে আগামী দুই বছরের মধ্যে পুরোপুরি ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা কাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে খুব দ্রুত উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। তৃণমূলের সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এসব হাসপাতালে যুক্ত করা হবে ডায়ালাইসিস সেবা, নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং ফিজিওথেরাপি ইউনিট। এর মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকেই রোগীরা উন্নত ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা পাবেন।
দেশে মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, মানসিক রোগীদের যথাযথ চিকিৎসা সুবিধা ও শয্যা নিশ্চিত করতে নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। তবে কেবল চিকিৎসাসেবার ওপর নির্ভর না করে মানসিক রোগ প্রতিরোধে সমাজে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
একই অনুষ্ঠানে পাবনা মানসিক হাসপাতাল নিয়ে কঠোর প্রশাসনিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিষ্ঠানটি থেকে সব ধরনের অননুমোদিত বিনোদন কার্যক্রম আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে সম্প্রতি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, ওই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা তদন্তে ইতিমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই হামলার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন