মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,

রেডিওথেরাপি মেশিন জেলা পর্যায়ে বসবে দুই বছরের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ১১:০৯ পিএম

রেডিওথেরাপি মেশিন জেলা পর্যায়ে বসবে দুই বছরের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘মেডিকেল ফিজিক্স’ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। ক্যানসারের মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসাকে কেবল বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে প্রান্তিক মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্দেশ্যে সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করছে। স্বাস্থ্য খাতকে জনমুখী করতে বিভিন্ন কাঠামোগত রূপান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে।

দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার মূল চালিকাশক্তি হিসেবে স্থানীয় চিকিৎসকদের অবদানের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, দেশের চিকিৎসকরা আমাদের মূল্যবান জাতীয় সম্পদ। যেকোনো জাতীয় স্বাস্থ্য সংকট কিংবা দুর্যোগকালীন পরিস্থিতিতে তারা দিনরাত রোগীদের সেবায় আত্মনিয়োগ করেন। রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন এবং আন্তরিকতার সঙ্গেই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ওষুধের সরবরাহ লক্ষণীয় মাত্রায় বাড়ানো হয়েছে।

একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা রক্ষা এবং রোগীদের জন্য পরিবেশন করা খাবারের মান উন্নত করা হয়েছে, যার ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসাসেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে না থাকলেও আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহারে আরও উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে।

অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে কাজ করছে বর্তমান সরকার। পর্যায়ক্রমে বাস্তবমুখী সংস্কার ও নীতিগত উন্নয়নের মাধ্যমে জনগণের কাক্সিক্ষত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাঈদ ফারহাত আনোয়ার সভাপতিত্ব করেন এবং ধারণাপত্র পাঠ করেন অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দীন রুমি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারি।