অক্টোবর ২৬, ২০২৬, ০৯:৪০ পিএম
বাংলাদেশে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে জাপানের কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের রাজধানী টোকিওতে নিপ্পন ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সরকারপ্রধান। সোমবার (২৬ অক্টোবর) টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় সাসাকাওয়ার আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ নৈশভোজে প্রধানমন্ত্রী অংশ নেন।
আলোচনাকালে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বর মাসে ঢাকায় সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণা করেন।
তিনি বাংলাদেশের শিক্ষা, জনস্বাস্থ্য এবং মানবিক সহায়তা কার্যক্রমে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাসাকাওয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
দেশে নিজস্ব ভ্যাকসিন উৎপাদন শিল্প গড়ে তোলার সম্ভাবনা এবং এই উদ্যোগে জাপানি সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে নৈশভোজে গভীর আলোচনা হয়। সংক্রামক রোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন এবং ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি সামাল দিতে এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আলোচনায় তুলে ধরা হয়।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
এ ছাড়া সরকারের প্রতিনিধিদলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে আরও অংশ নেন প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
জাপানের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়াসহ নিপ্পন ফাউন্ডেশনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন