সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

সাফ চ্যাম্পিয়নশিপের আগে রক্ষণ সামলে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৯:০৩ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের আগে রক্ষণ সামলে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিজেদের রক্ষণভাগ শক্তিশালী করার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচে ১৩ গোল হজমের ধাক্কা কাটিয়ে আগামী ৫ নভেম্বর ঘরের মাঠে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। অনুশীলনে নামার আগে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ স্পষ্ট জানিয়েছেন, দলগতভাবে রক্ষণ সামলে এবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তারা। প্রতিপক্ষ দলগুলো যাতে কোনোভাবেই গোলবন্যা বইয়ে দিতে না পারে, সে লক্ষ্যে অনুশীলনে চলছে জোর প্রস্তুতি।

আসিয়ান কাপে দলের পারফরম্যান্সের হতাশা প্রকাশ করে তপু বর্মণ জানান, প্রথম ম্যাচে তিন গোল এবং শেষ ম্যাচে ৯ গোল খাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অতীতে শেষ কবে জাতীয় দল এক ম্যাচে ৯ গোল হজম করেছে, তা মনে করা কঠিন। তবে গোল হজমের জন্য এককভাবে গোলরক্ষক কিংবা ডিফেন্ডারদের দায়ী না করে দলগত প্রতিরোধকে প্রাধান্য দিচ্ছেন এই ফুটবলার।

সাফে দল এত গোল হজম করবে না বলে বিশ্বাস তপুর।

আট বছর পর ঘরের মাঠে খেলতে নামায় এবারের আসরটিকে দলের জন্য বিশেষ বিবেচনা করা হচ্ছে। তপু বর্মণ জানান, নিজেদের মাঠে কঠিন লড়াই করে দীর্ঘ ২৩ বছর পর কাঙ্ক্ষিত শিরোপা পুনরুদ্ধার করতে হবে এবং সেই লক্ষ্যেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

আসরের শুরুর দিকে দলের নির্ভরযোগ্য তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীকে পাবে না দল। হামজাকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করে তপু জানান, প্রথম ম্যাচে তাকে মিস করলেও সম্মিলিত প্রচেষ্টায় সেই ঘাটতি সামাল দেওয়া সম্ভব। উদ্বোধনী ম্যাচে ইতিবাচক শুরু পেলে পরবর্তী ম্যাচগুলোর পথ সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি।

জাতীয় দলের এই শিবিরে নতুন উদ্দীপনা যোগ করেছেন প্রবাসী তরুণ ফরোয়ার্ড মাহি খান।

এর আগে অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফে খেলা মাহি এবারই প্রথম সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন। সুযোগ পেয়ে হামজা ও শমিতদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন এই তরুণ।

১৮ বছর বয়সে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়াকে মাহি নিজের ও পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে কোচের দেওয়া কৌশল মাঠে বাস্তবায়ন করে গোল করতে চান তিনি। দলের আক্রমণভাগে অবদান রেখে দেশকে চ্যাম্পিয়ন করার ব্যাপারে আত্মবিশ্বাসী এই প্রবাসী ফুটবলার।

আগামী ৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ভুটান ও শ্রীলঙ্কা। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। আগামী ১৭ নভেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের।