সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক ব্যাখ্যা

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৮:৪৪ পিএম

আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক ব্যাখ্যা

আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটি জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার লক্ষ্যে ক্রসফায়ার শব্দটি উল্লেখ করেননি। আইন প্রয়োগের কঠোরতা বোঝাতেই তিনি আক্ষরিক অর্থে শব্দটি ব্যবহার করেছেন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীতে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিদর্শকের বক্তব্যে ক্রসফায়ার সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও শিরোনাম পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশই রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধীদের আইনের আওতায় আনা ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিধান করতে গিয়ে পুলিশ সদস্যদের নানা ধরনের সহিংস আক্রমণ ও বাধার মুখে পড়তে হয়।

চলতি বছরের প্রথম ১০ মাসে সরকারি দায়িত্ব পালন ও অপরাধ দমনে গিয়ে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলায় দায়িত্ব পালনরত চারজন পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া আরও ৩৭০ জন সদস্য মারাত্মকভাবে জখম হয়েছেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে, দেশের প্রচলিত দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ ও পুলিশ অ্যাক্ট-১৮৬১ অনুযায়ী পুলিশ সদস্যদের আত্মরক্ষার পূর্ণ আইনি অধিকার রয়েছে। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও জননিরাপত্তা বিঘ্নকারীদের দমনে পুলিশ সবসময় আইনের মধ্যে থেকেই কঠোর অবস্থান নেবে।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে পুলিশপ্রধানের করা মন্তব্যটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছে সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদমাধ্যম কর্মীদের লক্ষ্য করে মহাপরিদর্শক ঢালাও কোনো মন্তব্য করতে চাননি। ঘটনাটি সম্পূর্ণ অসাবধানতাবশত ঘটেছে। মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ পেশাদারত্বের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।