অক্টোবর ২৬, ২০২৬, ০৭:৪২ পিএম
ভারতে মুসলমানদের ওপর হামলা, বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের অভিযোগ এনে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের শেরে বাংলা পার্ক প্রাঙ্গণে পঞ্চগড় জেলা জাগপার উদ্যোগে এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দলটির স্থানীয় নেতৃবৃন্দ দাবি করেন, আসাম থেকে দিল্লি পর্যন্ত ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও আগ্রাসন চালানো হচ্ছে।
তাদের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি আসামে এক হাজার ১০০ এবং দিল্লিতে ৬০০ মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে মসজিদ ভাঙচুর এবং উত্তরাখণ্ডে মাদরাসার ঐতিহ্যবাহী শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা দাবি করেন, সেখানে রাষ্ট্রীয় ছত্রছায়ায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে নিশানা করা হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, একদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে নিজেদের ভূখণ্ডেই ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ধর্মীয় অধিকার সুরক্ষার দাবি জানান তারা।
পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলার সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তব্য দেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী।
এ সময় বক্তব্য রাখেন জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, পঞ্চগড় সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত থেকে সংহতি জানান বোদা উপজেলা জাগপার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারী উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেঁতুলিয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং জেলা ছাত্রকাফেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন