সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
মা ইলিশ রক্ষা

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৬:৫২ পিএম

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান

ছবি: সংগৃহীত

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদী ও সমুদ্র উপকূলে নিয়মিত টহল, বিশেষ সাঁড়াশি অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপচেষ্টা ঠেকাতে জলপথে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে কোস্ট গার্ডের পূর্ব জোনের আওতাধীন বিস্তীর্ণ উপকূলীয় ও নদী অববাহিকায় দিন-রাত সার্বক্ষণিক পাহারা ও আকস্মিক অভিযান অব্যাহত রাখা হয়েছে।

কেবল আইন প্রয়োগেই সীমাবদ্ধ না থেকে মৎস্যজীবীদের সচেতন করতে বিভিন্ন ঘাট ও নদী এলাকায় নিয়মিত মাইকিং, তথ্যসংবলিত লিফলেট বিতরণ ও জেলেদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।

অভিযানকে অধিকতর ফলপ্রসূ করতে স্থানীয় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়, জলসীমার সার্বিক নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি জাতীয় মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে বাহিনীটি সার্বক্ষণিক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন কিংবা কোনো ধরনের অবৈধ মাছ শিকারের খবর জানতে পারলে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে অবহিত করতে সাধারণ নাগরিক ও সচেতন মহলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।