অক্টোবর ১৮, ২০২৬, ০৫:৫২ পিএম
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে বিশেষ আধা-সরকারি পত্র বা ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এই বার্তা পাঠানো হয়।
চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের জাতীয় মৎস্যসম্পদ ও আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক পণ্য ইলিশ আমাদের জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মূল্যবান জলজ সম্পদের টেকসই উৎপাদন বজায় রাখতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের বিশেষ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এই নির্ধারিত সময়কালে প্রজনন নির্বিঘ্ন করতে সব ধরনের মাছ আহরণের পাশাপাশি ইলিশ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জাতীয় এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের সাফল্য কেবল পুলিশ বা মৎস্য অধিদপ্তরের নজরদারির ওপর নির্ভর করে নিশ্চিত করা সম্ভব নয় বলে চিঠিতে স্পষ্ট করা হয়।
মন্ত্রী জানান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এমন বৃহৎ সংরক্ষণ উদ্যোগ পূর্ণতা পেতে পারে না। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সামাজিক ও দলীয় ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে জেলেদের আইন মানতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ শিকার থেকে জেলেদের বিরত রাখতে সমন্বিত সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন