রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারির আগেই শুরু হচ্ছে বইমেলা

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৭:০৬ পিএম

ফেব্রুয়ারির আগেই শুরু হচ্ছে বইমেলা

ভাষা শহিদদের পুণ্য স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৭ আগামী বছরের ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে মাসব্যাপী এই বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দেশের প্রকাশক-প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত প্রকাশক ও অংশীজনদের সঙ্গে খোলামেলা আলোচনার পর সবার সর্বসম্মত মতামতের ভিত্তিতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বইমেলা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।