রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
মানবিকতার অনন্য দৃষ্টান্ত

সিঁড়ি বাইতে পারছিলেন না বৃদ্ধা: চেয়ার ছেড়ে নিচে নেমে এলেন ইউএনও

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৬:২৯ পিএম

সিঁড়ি বাইতে পারছিলেন না বৃদ্ধা: চেয়ার ছেড়ে নিচে নেমে এলেন ইউএনও

ছবি: সংগৃহীত

শারীরিক দুর্বলতার কারণে সিঁড়ি বেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উঠতে পারছিলেন না ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। বিষয়টি জানতে পেরে নিজের দপ্তরের চেয়ার ছেড়ে নিচে নেমে এসে সেই বৃদ্ধার অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক সহায়তা দেন ইউএনও মাহবুব হাসান। রোববার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে এই মানবিক ঘটনা ঘটে।

বয়সের ভারে ন্যুব্জ ওই বৃদ্ধা জানান, সরকারি মানবিক সহায়তার আশায় অনেক কষ্ট করে তিনি উপজেলা কার্যালয়ে এসেছিলেন। কিন্তু নির্বাহী কর্মকর্তার কার্যালয়টি ভবনের দ্বিতীয় তলায় হওয়ায় অসুস্থ শরীর নিয়ে তিনি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারছিলেন না। দীর্ঘক্ষণ নিচেই বসে থেকে তিনি একপর্যায়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন। ঠিক তখনই ইউএনও নিজে নিচে নেমে এসে তার কথা শোনেন এবং প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা নিশ্চিত করেন।

সেবাপ্রত্যাশী মানুষের সুবিধার্থে সরকারি কর্মকর্তার এমন আন্তরিক আচরণ দেখে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেন, যেখানে সাধারণ মানুষকে সরকারি দপ্তরে গিয়ে নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়, সেখানে একজন শীর্ষ উপজেলা কর্মকর্তা নিজ দায়িত্বে নিচে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনুকরণীয় এক দৃষ্টান্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া প্রশাসনের মূল দায়িত্ব।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে ওই বৃদ্ধা ওপরে উঠতে পারছেন না জেনে তিনি নিজে নিচে নেমে কথা বলেন। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সহায়তা পাওয়া তার ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।