রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
সীমান্তে মাদকবিরোধী অভিযান

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: লাখ টাকার মাদক উদ্ধার

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১৮, ২০২৬, ০২:২৬ পিএম

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: লাখ টাকার মাদক উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। ১৮ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন চাপসার এবং চান্দেরহাট বিওপির টহল দল সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ এবং ২১৬ বোতল বিক্রয় নিষিদ্ধ মাদকজাতীয় সিরাপ জব্দ করা হয়।

উদ্ধার করা এসব মাদকদ্রব্য ও সিরাপের মোট আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ পাঁচ হাজার তিনশত টাকা।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি ঘটনার সাথে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ওই এলাকায় বিজিবির নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।