অক্টোবর ১৮, ২০২৬, ০৩:৩৫ পিএম
সাম্প্রতিক নানা আলোচনা ও বিতর্কের রেশ কাটিয়ে শারদীয় দুর্গাপূজার আবহে সম্পূর্ণ ভিন্ন এক রূপে প্রকাশ্যে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের সাজে একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক...’। প্রকাশের পরপরই এই নতুন রূপ ও ইতিবাচক বার্তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। সাম্প্রতিক সময়ে একটি টেলিভিশন চ্যানেলের অননুমোদিত কনটেন্ট নিয়ে তৈরি হওয়া ক্ষোভ ও ব্যাখ্যার পর এমন স্নিগ্ধ উপস্থিতি ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
উৎসবমুখর পরিবেশে অভিনেত্রীর এই সাজপোশাক, মিষ্টি হাসি ও শুভকামনা জানিয়ে দেওয়া বার্তাটি সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।
অভিনয় অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর কাজ সম্পন্ন করেছেন পরীমনি। সেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। পাশাপাশি এই চলচ্চিত্রে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন