শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, তৌসিফ মাহবুবের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৫২ পিএম

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, তৌসিফ মাহবুবের আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটুয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ দশজনের প্রাণহানি হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

শনিবার (১৭ অক্টোবর) মর্মান্তিক এই ঘটনায় নিজের মর্মবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন এই অভিনয়শিল্পী। নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে তৌসিফ মাহবুব লিখেছেন, এই ঘটনা তার হৃদয় ভেঙে দিয়েছে। একই সাথে তিনি সৃষ্টিকর্তার কাছে সবার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ইনানীর সৈকতসংলগ্ন রিসোর্টে আগুন লেগে শিশুসহ দশজনের মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নাগরিকদের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও ভয়াবহ দুর্ঘটনাটি নিয়ে তীব্র উদ্বেগ ও শোক প্রকাশ করছেন। তৌসিফ মাহবুবের আবেগঘন বার্তাতেও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখবোধ ও মানসিক ক্ষতের চিত্র ফুটে উঠেছে।

এর আগে এই মর্মান্তিক ঘটনায় নিজের অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন আরেক অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ।

তিনি পর্যটন এলাকায় গড়ে ওঠা অনিয়ন্ত্রিত ও যত্রতত্র রিসোর্ট বাণিজ্যের তীব্র সমালোচনা করে কঠোর প্রতিক্রিয়া জানান।