অক্টোবর ১৬, ২০২৬, ১১:৫৮ এএম
শুটিং চলাকালে সংবাদমাধ্যম এড়িয়ে চলা নিয়ে আলোচনার রেশ না কাটতেই ভিন্নধর্মী সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সম্পূর্ণ ব্যতিক্রমী এক রূপে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। প্রকাশিত ছবিতে তাকে দেখা গেছে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ঢিলেঢালা কালো পিনস্ট্রাইপ ব্লেজার পরিহিত অবস্থায়।
এর সঙ্গে তিনি মিলিয়ে পরেছেন কালো রঙের শিয়ার টাইটস, উজ্জ্বল স্ট্র্যাপযুক্ত হাই হিল ও বড় আকারের হুপ কানের দুল। মাথার চুল বাঁধা ছিল পরিপাটি খোঁপায়। একটি লিফটে ধারণ করা এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এটি তার অন্য এক ব্যক্তিত্ব বা তার আরেক সত্তা।

তার এই নতুন রূপ প্রকাশ্যে আসার পর অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকের চোখে তার এই উপস্থিতি সাহসী ও প্রশংসনীয় মনে হলেও অনেকে ভিন্নমত ও নেতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। এক অনুসারী সেখানে লিখেছেন, ছবিগুলো অসাধারণ হলেও কিছু অনাকাঙ্ক্ষিত মন্তব্য দেখা দুঃখজনক।
নেটিজেনদের একাংশ তাকে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে তুলনা করেছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের ১৭ ঘণ্টার মধ্যে ফেসবুকে প্রায় সাড়ে চার হাজার প্রতিক্রিয়া জমা পড়ে এবং মন্তব্যের সংখ্যা দাঁড়ায় সোয়া তিনশর বেশি। ইনস্টাগ্রামেও একই ছবিতে সাড়া মেলে আরও বেশি, সেখানে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়ে যায় প্রায় ৯ হাজার।

বিতর্ক বা প্রশংসায় গা না ভাসিয়ে নিয়মিত কাজের ভেতরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে এম এইচ খোকন পরিচালিত ‘লজ্জা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি শুরু হওয়া এই ছবির শুটিংয়ে তার সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন।
এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’। এছাড়া অনম বিশ্বাসের পরিচালনায় তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’ আগামী ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন