অক্টোবর ১৬, ২০২৬, ০৯:৫৫ এএম
দেশের বাজারে আবারও কমল সোনার দাম। নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দর শুক্রবারও বহাল রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত তালিকা অনুসারে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
স্থানীয় বাজারে খাঁটি সোনা বা তেজাবি সোনার দাম কমার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে সব ধরনের সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
একই সময়ে ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন