অক্টোবর ১৫, ২০২৬, ০৭:৫৬ পিএম
ডেটাবেজ ও কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের যাবতীয় লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। অন্যদিকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্যক্রম স্থগিত থাকবে পরবর্তী সপ্তাহে।
ব্যাংকটির লেনদেন ২০ অক্টোবর রাত ১২টা থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক দুটির গ্রাহকেরা কোনো ধরনের শাখাগত কিংবা ডিজিটাল আর্থিক লেনদেন করতে পারবেন না। কোর ব্যাংকিং সিস্টেমের মূল সফটওয়্যার ও গ্রাহক ডেটাবেজ হালনাগাদের কারিগরি কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই মূলত এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পাশাপাশি ব্যাংক দুটিও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ নিজ গ্রাহকদের সেবা বন্ধ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সাময়িক এই বিরতির কারণে গ্রাহকদের যাতে কোনো আর্থিক ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য জরুরি লেনদেনগুলো নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার বিশেষ অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন