নভেম্বর ১২, ২০২৬, ১০:৩৪ পিএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৯৯২ সালে অর্থ আত্মসাতের এ ঘটনা ঘটলেও মামলা হয় ২০০০ সালে। দীর্ঘ ২৬ বছর পর বিচার প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না, তারা সবাই পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত চারজন হলেন চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলার বাসিন্দা জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের যশোর শাখার চাকরিচ্যুত সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের বাসিন্দা ও ব্যাংকের চাকরিচ্যুত গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন। আদালত বিভিন্ন ধারায় আসামিদের এই সাজা প্রদান করেছেন। রায়ে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ধারায় দেওয়া কারাদণ্ডগুলো একসঙ্গে কার্যকর হবে।
আদালত সূত্রে জানা যায়, এনামুল হক ও জিয়াউল হককে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছর, ৪২০ ধারায় তিন বছর, ৪৬২(ক) ধারায় দুই বছর এবং ৪৬২(খ) ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ধারায় দুই হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই বছর করে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এই দুই ব্যাংক কর্মকর্তার ক্ষেত্রে প্রতিটি ধারায় নির্দিষ্ট অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। তাদের প্রত্যেককে ৪২০, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই হাজার টাকা করে এবং ৪০৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্ট ধারাগুলোতে পৃথকভাবে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। রায়ে আরও উল্লেখ করা হয়েছে যে, আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এবং এই অর্থ দণ্ডপ্রাপ্ত শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগ সুবিধার জন্য আবেদন করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালের ১৯ এপ্রিল তার অনুকূলে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা মঞ্জুর করা হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হয় এবং বন্ধক রাখা সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই বিনিয়োগ সুবিধা অনুমোদন করা হয়। পরবর্তী সময়ে ব্যাংকের গুদামে টায়ার ও টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে মেসার্স কনফিডেন্স টায়ার হাউজের নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। তবে গুদামে নামমাত্র কিছু টায়ার ও টিউব রেখে অধিকাংশ পণ্য সরবরাহের নামে এই অর্থ আত্মসাৎ করা হয়।
তদন্তে উঠে আসে যে, পরবর্তী সময়ে গুদামে থাকা কিছু পণ্য নিলামে বিক্রি করে তিনটি বিনিয়োগ হিসাব সমন্বয় করা হলেও বাকি ছয়টি হিসাবে ৭৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা অনাদায়ী থেকে যায়। সুদ, কমিশন ও অন্যান্য পাওনাসহ ১৯৯৫ সালের ২৬ এপ্রিল পর্যন্ত আত্মসাৎ করা অর্থের মোট পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা। এই ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান বাদী হয়ে ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন