বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, আতঙ্কিত হয়ে রাস্তায় শতাধিক পর্যটক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৭:৩৮ পিএম

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, আতঙ্কিত হয়ে রাস্তায় শতাধিক পর্যটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আবারও একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের পর আতঙ্কগ্রস্ত হয়ে হোটেলটিতে অবস্থানকারী শতাধিক পর্যটক দ্রুত রাস্তায় নেমে আসেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় অবস্থিত কক্স অ্যাম্বাসেডর নামের একটি হোটেলের অষ্টম তলায় এই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটকের পাশাপাশি আশপাশের বিভিন্ন হোটেল ও স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে রাস্তায় এসে অবস্থান নেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে গত মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লেগে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। সে সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় সে যাত্রায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। এর আগে ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দ্বিতল টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যে অন্তত ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরপর ঘটে চলা এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটন স্থাপনার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যটক ও সংশ্লিষ্ট মহলে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।