বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

টেকনাফে পুলিশ ও বিজিবির ওপর হামলা, আটক ৩

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৯:৪১ এএম

টেকনাফে পুলিশ ও বিজিবির ওপর হামলা, আটক ৩

টেকনাফে পুলিশ ও বিজিবির ওপর হামলার পর যৌথ অভিযান।

কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির যৌথ টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ইটপাটকেল নিক্ষেপে এক বিজিবি সদস্য আহত হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত পিকআপের তিনটি গ্লাস ভাঙচুর করা হয়। এই হামলার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বুধবার বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালনকালে বিজিবির একটি বিশেষ টহল দলের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হঠাৎ করেই ইটপাটকেল ছুড়ে তারা পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত করে এবং দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তদের এই হামলায় বিজিবির একজন সদস্য আঘাত পান। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়। বিজিবি ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় অবিলম্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হামলায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক ব্যক্তিরা সবাই টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত বাকিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ, বিজিবি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকা, সরকারি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।