নভেম্বর ১২, ২০২৬, ০৮:১৭ এএম
চীন-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে মানসম্মত সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬ অর্জন করেছেন দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের তিন সংবাদকর্মী। বিভিন্ন বিভাগে অসাধারণ অবদানের জন্য তাদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়। বিজয়ী সাংবাদিকরা হলেন বিশেষ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম, হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত হোসেন রাকিব।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্ব নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতে ২৬ জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা পোস্টের এই তিন সংবাদকর্মী প্রতিযোগিতার তিনটি পৃথক বিভাগে পুরস্কার অর্জন করেছেন। কূটনীতি ও অর্থনীতি বিভাগে চীন-বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন এফ এম আবদুর রহমান মাসুম। এছাড়া সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য বিভাগে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নবিষয়ক কাজের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন শাহাদাত হোসেন রাকিব।
অন্যদিকে আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিভাগে চীন-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্ত, উন্নয়ন ও মানবিক গল্প নিয়ে নির্মিত ভিজ্যুয়াল কনটেন্টের জন্য তৃতীয় পুরস্কার অর্জন করেছেন আরিফুল ইসলাম আরমান। অনুষ্ঠানে প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্তদের হাতে ৩০ হাজার টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত ও স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিযোগিতায় অংশ নিতে গত ১০ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা এবং মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এতে অংশ নেন। গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন ও তৈরি করা কনটেন্ট প্রতিযোগিতার জন্য জমা দেওয়ার সুযোগ ছিল। এতে চার ক্যাটাগরিতে দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৬ জন প্রতিভাবান সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
এ আয়োজনের যৌথ যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকেও বিজয়ীদের শুভেচ্ছা জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন