বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৮:২৫ এএম

তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা তৈরির অপরাধে সিলগালা করা হয় কারখানা।

নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন এবং সংরক্ষণের দায়ে এক দোকান মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শহরের লালবাজার এলাকায় প্রাচীন কাঁচাগোল্লার দোকান দ্বারিক ভাণ্ডারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয় এবং কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার সুনাম রক্ষায় শহরের লালবাজার মহল্লার প্রাচীন মিষ্টির দোকান দ্বারিক ভাণ্ডারে এই সামারি ট্রায়াল পরিচালনা করা হয়। এ সময় কারখানায় প্রচুর তেলাপোকা, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্যসহ নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তকালে কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির পাশাপাশি সংরক্ষণের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন পাওয়া যায়। খাদ্যপণ্যের আশপাশে তেলাপোকার উপস্থিতি এবং মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাবার পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু শহরের পালপাড়া বড়গাছা মহল্লার মৃত ননী কুন্ডুর ছেলে। আদালতের নির্দেশে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত প্রায় চার মণ খাদ্যপণ্য ধ্বংস করা হয় এবং তাৎক্ষণিকভাবে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানের প্রশংসা করে জানান, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্যের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান এবং নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা উপস্থিত ছিলেন। এ ছাড়াও নিরাপদ খাদ্য নমুনা সহকারী বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।