নভেম্বর ১১, ২০২৬, ১০:২৫ পিএম
জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের নিরাপত্তা কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রংপুরের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার কথা জানানো হয়েছে। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এই ঘোষণাটি বুধবার প্রকাশিত হয়।
বুধবার নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবূ খাঁ, মধ্য বাবূ খাঁ, উত্তর বাবূ খাঁ, বাবূ খাঁ মহিলা মাদ্রাসা এবং পশ্চিম বাবূ খাঁ এলাকা।
এছাড়াও নির্দিষ্ট এই সময়ে নান্ডাপাড়া, শান্তিনগর বা শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াপাড়া বা গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তাপাড়া ও ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো রংপুর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন