বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় বিপাকে তেহরানের এক দোকানি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৯:০৭ পিএম

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় বিপাকে তেহরানের এক দোকানি

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের এক দোকানির চেহারার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিল রয়েছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতারাতি আলোচনায় আসেন ওই দোকানি। তবে চেহারার মিলের কারণে এবার তার দোকান বয়কটেরও ডাক দিয়েছেন কয়েকজন ব্যবহারকারী।

তুর্কি ও আরব সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি তেহরানে শুকনো ফল, বাদাম ও মিষ্টি বিক্রি করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে দোকানের ভেতরে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে থাকতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তার মুখের গড়ন, চুলের রেখা ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর মিল খুঁজে পান। এরপর তাকে নিয়ে শুরু হয় নানা রকম হাস্যরস, মন্তব্য ও তুলনা। কেউ কেউ তার দোকানের অবস্থান জানার চেষ্টা করেন। আবার অনেকে চেহারার মিল তুলে ধরে আরও ভিডিও শেয়ার করেন।

তবে বিষয়টি শুধু হাসি-ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর মতো দেখতে হওয়ার কারণে ওই দোকান বয়কটের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকজন ব্যবহারকারী।

এতে দোকানির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলেও কিছু পোস্টে দাবি করা হয়েছে। এমনকি এ পরিস্থিতিতে দোকানি বিরক্তি প্রকাশ করেছেন বলেও কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরব সংবাদমাধ্যমেও ভিডিওটি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ভিডিওতে দেখা ব্যক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো চরিত্র নয়, বরং বাস্তব দোকানি বলেই মনে হচ্ছে। তবে ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ এবং ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা সামনে এল। দুই দেশের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের কারণে ইসরায়েলের রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ইরানসহ বিভিন্ন দেশে জনমনে সংবেদনশীলতা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে সাধারণ মানুষের চেহারার মিল নিয়ে প্রায়ই হাস্যরস তৈরি হয়। তবে তেহরানের এই দোকানিকে ঘিরে বয়কটের আহ্বান দেখিয়ে দিয়েছে, রাজনৈতিক উত্তেজনা কীভাবে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনাকেও প্রভাবিত করতে পারে।