নভেম্বর ১১, ২০২৬, ০৮:২৫ পিএম
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পবিত্র কুরআনের আয়াত খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভোপালের সামাজিক অধিকারকর্মী ও কংগ্রেস নেতা আব্বাস হাফিজের আপত্তির পরিপ্রেক্ষিতে এই নোটিশ দেওয়া হয়। গয়নাটিতে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। দীপাবলি উপলক্ষে নিজের বিশেষ সাজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
সম্প্রতি দীপাবলি উদযাপনের অংশ হিসেবে ডিজাইনার পুনীত বালানার তৈরি রুপার কাজ করা বেইজ রঙের কাফতান পরেছিলেন কারিনা। এর সঙ্গে ছিল একই রঙের পাগড়ি এবং পাগড়িতে যুক্ত করা হয়েছিল হীরাখচিত একটি কলগি। প্রায় ২০০ বছরের পুরোনো এই অলংকারটি একসময় ভোপালের নবাবের ছিল এবং কারিনার স্বামী সাইফ আলী খানও তাঁদের বিয়ের দিন এটি পরেছিলেন। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় আসে কারিনার গলায় ঝুলে থাকা ৩০ ক্যারেটের পান্নার লকেটটি। ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী এই গয়নায় পবিত্র আয়াতটি খোদাই করা রয়েছে। একসময় এটি ভোপালের বেগম সাজিদা সুলতানের সংগ্রহে ছিল, যা পরবর্তীতে পারিবারিক সূত্রে কারিনার কাছে আসে।
কারিনার এই সাজসজ্জার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন রিয়া কাপুর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক ও অলংকারগুলোর বিস্তারিত পরিচয় তুলে ধরেছিলেন। রিয়ার ভাষ্যমতে, গয়নাগুলো ভোপালের সাবেক রাজপরিবারের পারিবারিক উত্তরাধিকার এবং সাইফের পরিবারের সূত্রেই এগুলো কারিনার কাছে পৌঁছেছে। সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। ঐতিহাসিক এই অলংকার ব্যবহারের মাধ্যমে ঐতিহ্য উদ্যাপনের কথা বললেও বিষয়টি অন্যভাবে নিয়েছেন স্থানীয় অধিকারকর্মীরা।
এদিকে গয়নাটি ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাঁদের বক্তব্য, পবিত্র কুরআনের আয়াত ধর্মীয় বিশ্বাস ও ইবাদতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এমন আয়াত খোদাই করা কোনো গয়নাকে সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। তাঁদের মূল আপত্তি কারিনার পোশাক বা পাগড়ি নিয়ে নয়, বরং কুরআনের আয়াতসংবলিত পান্নার লকেটটি জনসমক্ষে প্রদর্শনের বিষয়টি নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে কারিনার কাছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবিগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া এবং এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিযোগকারী। তবে এই আইনি নোটিশ ও বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রী কারিনা কাপুর খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন