নভেম্বর ১১, ২০২৬, ০৭:০১ পিএম
প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের নিয়ম রেখে ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়। ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরের জন্য এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাথমিক ধাপে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে এবং প্রতি শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা হবে ৫৫ জন।
এর আগে কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল। তবে বর্তমান সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার আয়োজন করার কথা জানানো হয়েছে। ইতিপূর্বে সরকারি বিদ্যালয়ের ভর্তির নীতিমালায় প্রথম শ্রেণিতে লটারি বহাল রেখে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার বিধান রাখা হয়েছিল। এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করা হলো।
জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে এবং কোনোক্রমেই সাত বছরের বেশি হওয়া যাবে না। সে অনুযায়ী শিক্ষার্থীর জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের জন্য জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি ভর্তি ফরমের সঙ্গে জমা দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত শিথিলতার সুবিধা রাখা হয়েছে। প্রথম শ্রেণির ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে এবং নির্বাচিত তালিকার পাশাপাশি সমান সংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে মূল তালিকা থেকে ভর্তি সম্পন্ন না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তির জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা হবে। নীতিমালায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে এবং পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০ নির্ধারণ করা হয়েছে, যেখানে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে এবং সময় দুই ঘণ্টা। শিক্ষা মন্ত্রণালয় এখনো পরীক্ষার তারিখ চূড়ান্ত করেনি এবং স্থানীয় থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সময়সূচি নির্ধারণ করতে হবে।
ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোয় ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে এবং বাকি আসনে সবাই আবেদন করতে পারবে। তবে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য নয়। প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফরমের ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারবে। মফস্বল, পৌর ও মহানগর এলাকার জন্য সেশন চার্জসহ ভর্তি ফি এবং মাসিক বেতনের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে সেশন চার্জ নেওয়া গেলেও পুনঃভর্তি ফি আদায় করা যাবে না বলে নীতিমালায় স্পষ্ট করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন