নভেম্বর ১১, ২০২৬, ০৬:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়োয় অনুষ্ঠিত হতে যাওয়া কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল ২০২৭-এর মূল আকর্ষণ বা হেডলাইনারদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই সপ্তাহের এই উৎসবটি আগামী বছরের এপ্রিল মাসের ৯ থেকে ১১ এবং ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন একাধিক বিশ্বখ্যাত তারকা।
ঘোষিত সূচি অনুযায়ী, উৎসবের প্রথম দিন শুক্রবার মঞ্চ মাতাবেন জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা। এ ছাড়া শনিবার মূল আকর্ষণ হিসেবে থাকবেন টেম ইম্পালা এবং রোববার সমাপনী দিনে পারফর্ম করবেন এসজেডএ। বিশেষ একটি প্রযোজনা প্রদর্শনের জন্য চতুর্থ শীর্ষ হেডলাইনার হিসেবে যুক্ত হয়েছেন ড্যাডি ইয়াঙ্কি।
শুক্রবার পারফর্মারদের তালিকায় আরও থাকছেন ম্যাডোনা, জারা লারসন, স্টিভ ল্যাসি, জিসু, কেহলানি এবং লিওন থমাস। শনিবারে মঞ্চে উঠবেন ফিবি ব্রিজার্স, উইজার, টিয়েস্টো, মার্টিন গ্যারিক্স, রোল মডেল ও অ্যাডেলা। রবিবারের অন্যান্য পরিবেশনায় অংশ নেবেন ডন টোলিভার, ডম ডলা, কাইগো, দ্য নেইবারহুড এবং বেকি জি।
কোচেলা উৎসবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই লাইনআপ প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, দ্য রিটার্ন টু ইনোসেন্স। এর আগে ২০২৬ সালের আসরে মূল আকর্ষণ হিসেবে পারফর্ম করেছিলেন জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, ক্যারোল জি এবং অ্যানিমা। গত বছরের আসরে সাবরিনা কার্পেন্টার ভিন্টেজ হলিউড স্টাইলে জমকালো পরিবেশনা উপহার দিয়েছিলেন।
আগামী ১৩ নভেম্বর প্যাসিফিক সময় দুপুর ১২টা থেকে কোচেলা ২০২৭-এর পাস বিক্রি শুরু হবে। এ ছাড়া উৎসবের উভয় সপ্তাহের একচ্ছত্র লাইভস্ট্রিম পার্টনার হিসেবে বরাবরের মতো এবারও থাকছে ইউটিউব। এর মাধ্যমে টানা ১৫ বছর ধরে এই উৎসব সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন