বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৬:০১ পিএম

ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

সংবাদ সম্মেলনে কথা বলেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে আবারও শীর্ষস্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত এই প্রতিষ্ঠানটি টানা দ্বিতীয়বারের মতো বোর্ডে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে। বুধবার সকালে কলেজের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর এই কলেজ থেকে মোট সাতশ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন তিনশ নয় জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর প্রায় চুয়াল্লিশ শতাংশ। কলেজ কর্তৃপক্ষের দাবি, শতভাগ পাস এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জাতীয় পর্যায়েও প্রতিষ্ঠানটি তৃতীয় স্থান অর্জন করেছে।

সাফল্যের পেছনের কারণ তুলে ধরে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান জানান, শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষাদান এবং ল্যাবরেটরি ও খেলাধুলাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় এখানে শিক্ষার্থীদের মাসিক খরচও অনেক কম রাখা হয়। বোর্ড পরীক্ষার সময় বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়, যেখানে ছুটির দিনগুলোতেও সম্পূর্ণ সিলেবাসের ওপর নিবিড় অনুশীলন করানো হয়। এছাড়া লাইব্রেরিতে বাধ্যতামূলক পড়াশোনার ব্যবস্থা শিক্ষার্থীদের নিয়মিত করে তোলে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের উপযুক্ত ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানের যেকোনো একাডেমিক ঘাটতি দ্রুত সমাধান করা হবে। কলেজটিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করাই তাঁদের মূল লক্ষ্য। কঠোর শৃঙ্খলা এবং রাজনীতিমুক্ত পরিবেশের জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চারটি ভবনে ৩৬ জন শিক্ষক এই প্রতিষ্ঠানে পাঠদান করছেন। এর পাশাপাশি বেশ কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সেখানে কর্মরত রয়েছেন। শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার কারণেই এই ধারাবাহিক সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কলেজ কর্তপক্ষ।