বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৫:৩৩ পিএম

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

সাসটেইনেবিলিটি ডে ২০২৬ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার এর মধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বুধবার সকালে রাজধানীর হোটেল রেঁনেসায় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে এবং আমদানির ওপর স্থায়ী নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করাই বর্তমান নীতি।

অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সরকার টেকসই জ্বালানি ব্যবস্থার একটি সুস্পষ্ট রূপকল্প নির্ধারণ করে কাজ করছে বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, নবায়নযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সরকার এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যার মধ্যে সৌরবিদ্যুৎ অন্যতম। এই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, এই খাতের ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে সরকার অত্যন্ত গর্বিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই খাতের সূচনা হয়েছিল। শিল্প বিকাশ ও সুরক্ষায় সেই নীতিগত সুবিধার সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। রপ্তানি বাস্কেট সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে হলে পোশাক পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং এর পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশ ঘটাতে হবে।

তৈরি পোশাক খাতের পরিবেশবান্ধব পরিবর্তনের চিত্র তুলে ধরে মাহ্দী আমিন জানান, এককভাবে শুধু পোশাক খাতেই বাংলাদেশে আজ প্রায় তিনশতটি লিড সার্টিফাইড পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে। বিশ্বমঞ্চে সৃজনশীলতা, পরিবেশবান্ধব রূপান্তর এবং কাঠামোগত সক্ষমতার দিক থেকে এসব কারখানা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ও বিশ্বকে পথ দেখাচ্ছে। সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। বন্দর থেকে শুল্ক ব্যবস্থা পর্যন্ত প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাকে সময়োপযোগী সংস্কার ও সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।