বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
হুঁশিয়ারি তেহরানের

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৫:১৬ পিএম

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানে নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদোল্লাহি। তিনি স্পষ্ট করে বলেছেন, এবার হামলা হলে শত্রুপক্ষকে আগের চেয়েও অনেক বেশি প্রাণঘাতী আঘাতের মুখে পড়তে হবে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নেতৃত্বে থাকা আবদোল্লাহি জানিয়েছেন, ইরানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত যেকোনো স্থাপনা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এসব লক্ষ্যবস্তুতে অসমমিত সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চলমান সংঘাত প্রসঙ্গে তিনি দাবি করেন, এই যুদ্ধ ইতিমধ্যে প্রমাণ করেছে যে ইরানের সামরিক সক্ষমতা ও প্রযুক্তির সামনে পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে। উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম থাকা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রযাত্রাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা নিয়েও বিস্তারিত কথা বলেন আবদোল্লাহি। তার ভাষ্যমতে, শত্রুপক্ষের ব্যাপক গোলাবর্ষণ ও ধারাবাহিক হামলার মধ্যেও দেশের অস্ত্র উৎপাদন কার্যক্রম পুরোপুরি সচল রাখা সম্ভব হয়েছে।

তিনি আরও দাবি করেন, দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির প্রধান উৎপাদন লাইনগুলো মাটির গভীরে এবং সুরক্ষিত বিভিন্ন সুড়ঙ্গের ভেতরে স্থাপন করা হয়েছে। এর ফলে সরাসরি বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও এসব গোপন স্থাপনায় উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়া যায়।

এর আগে কূটনীতির নামে বোমার ভয় দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আবদোল্লাহির এই সর্বশেষ হুঁশিয়ারির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর ও অনমনীয় সামরিক অবস্থানের বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে সামনে এসেছে। একই সঙ্গে নতুন করে আগ্রাসন চালানো হলে কঠোর পাল্টা জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানাল তেহরান।