নভেম্বর ১১, ২০২৬, ০২:৪১ পিএম
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে ডজনখানেকের বেশি মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার পূর্ব ইংল্যান্ডের সাফোক এলাকায় অবস্থিত আরএএফ মিলডেনহল ঘাঁটি ছেড়ে যায় এসব বিমান। এর আগে আরও একটি ঘাঁটি থেকে বোমারু বিমান প্রত্যাহার করে নিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং ওপেন সোর্স বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সোমবার এবং মঙ্গলবারের মধ্যে ওই ঘাঁটি থেকে অন্তত ১৩টি মার্কিন বিমান অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে নয়টি বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার রিফুয়েলিং বিমান, যেগুলো স্কটল্যান্ড, জার্মানি এবং স্পেনের বিভিন্ন ঘাঁটিতে চলে গেছে। এছাড়া তিনটি ভি-২২ অসপ্রে বিমান কাছাকাছি আরেকটি ব্রিটিশ ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, সম্ভাব্য কোনো নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে ওই ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা স্তর বাড়িয়ে দেওয়া হয়। তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাজ্যের বিমানঘাঁটিগুলো নিরাপদ রয়েছে এবং সামরিক ঘাঁটিগুলোর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
এর আগে গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে সন্দেহজনক কয়েকটি ভ্যান দেখা যাওয়ার পর বড় ধরনের নিরাপত্তা ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র সেখান থেকে তাদের ভারী বোমারু বিমানগুলো দেশে ফিরিয়ে নেয়। এ ঘটনায় পরবর্তীতে ব্রিটিশ সন্ত্রাসবাদবিরোধী পুলিশের হাতে বেশ কয়েকজন গ্রেপ্তার হন এবং তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ গঠন করা হয়।
যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে দেশটিতে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষিত কর্মী এবং অপারেশনাল প্রয়োজনের অংশ হিসেবে নিয়মিতভাবেই বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়ে থাকে।
তথ্যসূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন