বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে উসকানি, গ্রিস থেকে ফেরত পাঠানো হলো তরুণসহ ৫১ বাংলাদেশিকে

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০১:৩৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে উসকানি, গ্রিস থেকে ফেরত পাঠানো হলো তরুণসহ ৫১ বাংলাদেশিকে

গ্রিস থেকে ফেরত আসার প্রতীকী ছবি।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ভিডিও প্রকাশ করে অবৈধভাবে প্রবেশের উসকানিদাতা এক তরুণসহ মোট ৫১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২৭ বছর বয়সী ওই বাংলাদেশির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করে লোকজনকে অবৈধ উপায়ে গ্রিসে আসার জন্য উৎসাহিত করার অভিযোগ ছিল। তার আশ্রয় চেয়ে করা তিনটি আবেদনই প্রত্যাখ্যাত হওয়ার পর গ্রিক কর্তৃপক্ষ এই চূড়ান্ত পদক্ষেপ নেয়। গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং একই ফ্লাইটে থাকা বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়েও আলাদা করে কিছু জানানো হয়নি।

গ্রিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশের তল্লাশি কিংবা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে নাফপ্লিও শহরে একটি ভিডিও তৈরি করেছিলেন ওই তরুণ। সেখানে তিনি দাবি করেছিলেন, গ্রিসে প্রচুর কাজ রয়েছে এবং বৈধ কাগজপত্র ছাড়াও দেশটিতে বসবাস করা সম্ভব। গত জুনের শেষের দিকে ভিডিওটি গ্রিক কর্তৃপক্ষের নজরে এলে দেশটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস কঠোর অবস্থান নেন। তিনি জানান, এ ধরনের প্রচারণায় গ্রিসের অভিবাসন নীতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং মানবপাচারকারী চক্রগুলো এই সুযোগ নিতে পারে। এর পরই হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে এবং ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বাতিল করে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ওই তরুণসহ বাংলাদেশিদের দেশে পাঠানো হয়। জানা গেছে, ওই তরুণ গ্রিসে থাকার জন্য আন্তর্জাতিক সুরক্ষার বা অ্যাসাইলামের আবেদন করেছিলেন। তবে আইনি প্রক্রিয়ায় তার টানা তিনটি আবেদনই প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ। অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা বা এনজিও ওই তরুণকে আইনি সহায়তা দিয়েছিল। আবেদনগুলো খারিজ হয়ে যাওয়ার পরও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালান এনজিওটির আইনজীবীরা। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে তাদের কঠোর নীতির একটি বড় উদাহরণ হিসেবে দেখছে। মন্ত্রণালয়ের মতে, একের পর এক আবেদন জমা দিয়ে দেশে থাকার মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে সক্ষম, এটি তারই প্রমাণ।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস এই বিষয়ে বলেন, আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে অবস্থান করতে না দেওয়ার যে নীতি মন্ত্রণালয় গ্রহণ করেছে, এ ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। গ্রিস সরকার অবৈধ প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে তাদের আইনি কাঠামো আরও কঠোর করেছে। একই সঙ্গে মূল দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।