নভেম্বর ১১, ২০২৬, ০১:০৬ পিএম
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট তেত্রিশ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার আশুলিয়া এলাকায় সর্বোচ্চ নয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া সাভার ও হেমায়েতপুর, জিরানী এবং জামগড়া এলাকায় দুই প্লাটুন করে এবং মিরপুরে এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার চন্দ্রা, মৌচাক, আমবাগ-কাটা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় এক প্লাটুন করে বিজিবি রয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় এবং জালকুড়ি এলাকায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড় এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
এদিকে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে। বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এই মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন