নভেম্বর ১১, ২০২৬, ০৭:৪১ এএম
নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত অক্টোবরের বেতন না পাওয়ার অভিযোগ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুই কর্মচারীকে বদলি করা হয়েছে। এ ছাড়া একজন কর্মকর্তাকেও বদলি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল সোমবার জারি করা পৃথক দুটি অফিস আদেশে তাঁদের যশোর, পাবনার ঈশ্বরদী ও বরিশাল বিমানবন্দরে বদলি করা হয়। আদেশ জারির দিন থেকেই তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হয়েছে।
বেবিচকের প্রশাসন বিভাগের বদলি ও পদায়ন শাখার সহকারী পরিচালক প্রশাসন মো. তিরান হোসেন স্বাক্ষরিত একটি আদেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার কায়সার মোহাইমেনকে যশোর বিমানবন্দরে একই পদে বদলি করা হয়েছে। অন্য একটি আদেশে বিমানবন্দরের ফোরম্যান ই এম ফজলুল করিম মজুমদারকে একই পদে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা অপারেটর ও কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক আবদুল হাকিম সরকারকে একই পদে বরিশাল বিমানবন্দরে বদলি করা হয়।
অফিস আদেশে জানানো হয়েছে, বদলি করা কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভ্রমণভাতা ও যোগদানকাল পাবেন। এ ছাড়া তাঁদের নৈমিত্তিক ছুটির হিসাব, শেষ বেতনের প্রত্যয়নপত্র এবং সার্ভিস বুক সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা যায়, নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন গত ১ নভেম্বর পরিশোধের নির্দেশনা থাকলেও সেদিন বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তা পাননি। পরে ২ নভেম্বর কর্মচারীরা বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেনের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। কর্মচারীদের ভাষ্যমতে, বেবিচকের ১৭টি স্টেশনের মধ্যে ১৬টিতে ১ নভেম্বর বর্ধিত বেতন পরিশোধ করা হলেও শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা সেদিন বেতন পাননি। পরে ২ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে ৪ নভেম্বর ২২ জন ছাড়া অন্যরা বেতন পান।
কর্মচারীদের অভিযোগ, বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কায়সার মোহাইমেনের অবহেলায় প্রয়োজনীয় নথিপত্র সময়মতো বেবিচক সদর দপ্তরে পাঠানো হয়নি। পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা না দেওয়ার বিষয়টিও নথি পাঠাতে বিলম্বের কারণ বলে তাঁরা অভিযোগ করেন। তবে প্রশাসনিক কর্মকর্তা কায়সার মোহাইমেন দাবি করেন, বিমানবন্দরে লোকবল কম থাকায় ফাইলগুলোর অনুমোদন পেতে দেরি হয়েছে।
বদলির শিকার কর্মচারী আবদুল হাকিম সরকার বলেন, তাঁকে কী কারণে বদলি করা হয়েছে তা তিনি জানেন না এবং তিনি কোনো অন্যায় করেননি। তিনি কেবল কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন। ফজলুল করিম মজুমদারও জানান যে তিনি কোনো অন্যায় করেননি এবং তাঁকে কেন বদলি করা হয়েছে তা তাঁর জানা নেই।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইব্রাহিম খলিল বদলির বিষয়টি নিশ্চিত করে জানান যে এটি সদর দপ্তর থেকে করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। বেবিচকের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. তিরান হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে কাজের স্বার্থেই এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন