নভেম্বর ১১, ২০২৬, ০৫:৫৭ এএম
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন মহাকাশচারী দল গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র আহ্বান করেছে। আগামী চন্দ্র অভিযান, ২০৩২ সালের প্রস্তাবিত মুন বেস বা চন্দ্র ঘাঁটি নির্মাণ এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহের প্রথম মিশন সফল করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হচ্ছে। দুই বছর বিরতির পর সংস্থাটি আবারও মহাকাশচারী নির্বাচনের প্রক্রিয়া শুরু করল। এর আগে ২০২৪ সালে নাসা সবশেষ আবেদন গ্রহণ করেছিল। সেই সময় আট হাজারের বেশি আবেদন জমা পড়লেও মাত্র ১০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছিল। ১৯৬০-এর দশক থেকে এ পর্যন্ত মাত্র ৩৭০ জনকে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। বর্তমানে নাসার সক্রিয় মহাকাশচারী কর্পসে মাত্র ৩২ জন সদস্য রয়েছে।
নাসার নতুন মহাকাশচারী হতে হলে আবেদনকারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। সাধারণত এসটিইএম বা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিত বিষয়ক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতকোত্তর ডিগ্রি না থাকলেও কিছু বিকল্প যোগ্যতা দিয়ে আবেদন করা যাবে। এর মধ্যে রয়েছে এসটিইএম বিষয়ে ডক্টরেট প্রোগ্রামে অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন করা, মেডিকেল ডিগ্রি থাকা কিংবা জাতীয়ভাবে স্বীকৃত টেস্ট পাইলট স্কুল প্রোগ্রামে ভর্তি বা তা সম্পন্ন করা। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। কেবল টেস্ট পাইলট স্কুলের ডিগ্রি থাকলে এসটিইএম বিষয়ে স্নাতক ডিগ্রি থাকাও বাধ্যতামূলক করা হয়েছে।
চিকিৎসক হিসেবে রেসিডেন্সি প্রশিক্ষণরত ব্যক্তিরাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই অভিজ্ঞতার আওতাভুক্ত হতে পারেন। তবে সেই প্রশিক্ষণ ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হতে হবে। পাইলটদের ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেট বিমানে পাইলট-ইন-কমান্ড হিসেবে সাড়ে সাত শ ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা থাকতে পারে। এ ছাড়া অন্যান্য ফিক্সড-উইং বিমানে দেড় হাজার মোট উড্ডয়ন ঘণ্টা বা রোটারি-উইং বিমানে এক হাজার মোট উড্ডয়ন ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে। ফেডারেল সরকারের দাপ্তরিক কর্মসংস্থান ওয়েবসাইট ইউএসএজবস-এর তথ্য অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের টেক্সাসের হিউস্টনে অবস্থিত লিন্ডন বি জনসন স্পেস সেন্টারে কাজে যোগ দিতে হবে।
মহাকাশচারীদের বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ চৌষট্টি হাজার তিনশো পঁচানব্বই ডলার। এই চাকরিতে ব্যাপক ভ্রমণের প্রয়োজনীয়তা রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীরা প্রায় দুই বছর ধরে বিশেষ প্রশিক্ষণ পাবেন। এই প্রশিক্ষণে রোবটিক্স, নেতৃত্ব, চন্দ্র ভূবিদ্যা এবং মহাশূন্যে হাঁটার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর প্রার্থীরা মহাকাশ অভিযানে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবেন।
নাসা জানিয়েছে, গতবারের মতো এবারও আবেদনকারীদের কঠোর শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে মাদক পরীক্ষা, নিরাপত্তা ছাড়পত্র, দৃষ্টিশক্তি পরীক্ষাসহ বিভিন্ন ধরনের চিকিৎসা ও মানসিক পরীক্ষা। পাশাপাশি পানিতে টিকে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিপদসংকুল ও আবদ্ধ স্থানে দীর্ঘ সময় কাটানোর মানসিক প্রস্তুতি থাকতে হবে। এই পেশায় অনিয়মিত কর্মঘণ্টা থাকতে পারে এবং দূর থেকে কাজ করার কোনো সুযোগ নেই। সব প্রক্রিয়া শেষে সংস্থাটি ২০২৭ সালের শেষ দিকে নতুন মহাকাশচারী দলের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন