বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সনি বাতিল করল মাল্টিপ্লেয়ার শুটার গেম ফেয়ারগেমস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৩:৩৩ এএম

সনি বাতিল করল মাল্টিপ্লেয়ার শুটার গেম ফেয়ারগেমস

সনি বাতিল করল ফেয়ারগেমস গেমটি

প্রযুক্তি জায়ান্ট সনি তাদের বহুল আলোচিত লাইভ-সার্ভিস শুটার গেম ফেয়ারগেমস বাতিল করার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালে ঘোষণার পর থেকে গেমটি নিয়ে ভক্তদের মধ্যে বেশ কৌতূহল ছিল। তবে সম্প্রতি গেমটির প্লেইটেস্ট বা পরীক্ষামূলক সেশনের পর সনি এই বড় সিদ্ধান্ত নিয়েছে। গেমটি তৈরি করছিল ডেভলপার স্টুডিও হেভেন স্টুডিওস। প্লেস্টেশনের লাইভ-সার্ভিস গেমের বাজারে নিজেদের অবস্থান শক্ত করার বড় পরিকল্পনার অংশ ছিল এই প্রজেক্টটি।

উন্নয়নের বিভিন্ন পর্যায়ে গেমটিতে নানা পরিবর্তন আনা হয়েছিল। এমনকি এর নাম পরিবর্তনের পরিকল্পনাও করা হয়েছিল। তবে সাম্প্রতিক এক প্লেটেস্টে হাজার হাজার খেলোয়াড় অংশ নিলেও গেমটির ফল সন্তোষজনক ছিল না। একটি অভ্যন্তরীণ মেমোতে সনি জানিয়েছে, গেমটির প্রযুক্তিগত কার্যক্রম ভালো থাকলেও খেলোয়াড়দের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এছাড়া গেমটিতে ধরে রাখার হার বা রিটেনশন রেট প্রত্যাশিত লক্ষ্যের নিচে ছিল।

পিভিপি শুটার ঘরানার বর্তমান বাজারে প্রতিযোগিতার পরিবেশ অত্যন্ত কঠিন হয়ে ওঠায় সনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে সনি প্লেস্টেশনের বেশ কিছু লাইভ-সার্ভিস টাইটেল বাতিল করেছে এবং কনকর্ড গেমটি চালুর পরপরই বন্ধ করে দিতে হয়েছিল। গেম শিল্পে লাইভ-সার্ভিস প্রজেক্ট নিয়ে সনির কৌশলে এটি আরেকটি বড় ধাক্কা। তবে ঐতিহ্যবাহী একক খেলোয়াড় ভিত্তিক অভিজ্ঞতার বাইরে যাওয়ার প্রচেষ্টা হিসেবে সনি এই ধারা চালুর চেষ্টা করেছিল।

ফেয়ারগেমস বাতিল করা হলেও ডেভলপার হেভেন স্টুডিওসের কর্মীদের চাকরি নিয়ে কোনো শঙ্কা নেই। এই সিদ্ধান্তের ফলে স্টুডিওর কোনো কর্মী ছাঁটাই করা হবে না। মন্ট্রিয়লভিত্তিক এই স্টুডিওর কর্মীরা এখন প্লেস্টেশনের অন্যান্য স্টুডিওর বিভিন্ন প্রজেক্টে সহায়তা প্রদান করবে। সনি ২০২২ সালে হেভেন স্টুডিওস অধিগ্রহণ করেছিল এবং এই বাতিলের পর স্টুডিওটির ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা এখন দেখার বিষয়।